তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ২৪ মিনিট আগে, ০৪:২৪ পিএম

অনলাইন সংস্করণ

পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাকে মূল শক্তি করার তাগিদ মাহদী আমিনের

বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ (পিপল-টু-পিপল কানেক্টিভিটি) জোরদারে শিক্ষাকেই অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

চীন সরকারের বিশেষ আমন্ত্রণে সফররত মাহদী আমিন বুধবার বেইজিংয়ে অনুষ্ঠিত ‘চীন-বাংলাদেশ এডুকেশন কো-অপারেশন’ শীর্ষক এক উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এই গুরুত্ব তুলে ধরেন।

বাংলাদেশ-চীন সুদৃঢ় কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপট স্মরণ করে মাহদী আমিন বলেন, "বাংলাদেশ ও চীনের মধ্যকার ঐতিহাসিক ও গভীর বন্ধুত্বের সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে এ সম্পর্ক আরও সুদৃঢ় ও নতুন উচ্চতায় পৌঁছায়। বর্তমান সরকারও চীনের সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে।"

তিনি জানান, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য শিক্ষা ব্যবস্থায় যুগোপযোগী পরিবর্তন আনা। এ প্রসঙ্গে তিনি বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকারের মূল অঙ্গীকার হলো নির্বাচনি ইশতেহার অনুযায়ী শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার করা। সে লক্ষ্যে সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে বাধ্যতামূলক করার পাশাপাশি তরুণদের আন্তর্জাতিক কর্মবাজারে এগিয়ে রাখতে মান্দারিন (চীনা ভাষা) সহ তৃতীয় ভাষা শিক্ষা চালুর পরিকল্পনা গ্রহণ করেছে।"

শিক্ষাকে সম্পূর্ণ কর্মমুখী ও সর্বজনীন রূপ দেওয়ার পরিকল্পনার কথা তুলে ধরে তিনি চীনের অভিজ্ঞ পলিটেকনিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সহায়তা চান। এর মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ বৃদ্ধি, মানসম্পন্ন গবেষণা এবং আধুনিক পরীক্ষাগার (ল্যাব) নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি চীনের বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে সরাসরি বিনিয়োগ এবং শিক্ষক-গবেষক বিনিময়ের তাগিদ দেন তিনি।

শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে দুই দেশের শিক্ষা ও শিল্প খাতকে সমন্বিত করতে 'চীন-বাংলাদেশ শিল্প ও শিক্ষা একীকরণ আন্তর্জাতিক সেবা কেন্দ্র'-এর আনুষ্ঠানিক শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়াসহ চীনের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন