প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ
পরিচ্ছন্ন নগর গড়তে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, নগরবাসীর প্রত্যাশা পূরণে সবার সমন্বিত উদ্যোগ অপরিহার্য।
রোববার নগর ভবনে ডিএসসিসির শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয়।
আবদুস সালাম বলেন, ক্ষমতায় আসার পর দায়িত্ব আরও বেড়ে গেছে। সরকার পরিচালনার দায়িত্ব শুধু প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে না দিয়ে দলের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করতে হবে। তিনি উল্লেখ করেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে এসেছে এবং এখন সেই অর্জনকে ধরে রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ডিএসসিসি প্রশাসক বলেন, নগরবাসীর জন্য সঠিক ও মানসম্মত নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি করপোরেশনের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের একসঙ্গে কাজ করতে হবে। কোনো ধরনের গ্রুপিং বা বিভেদ না রেখে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের ওপর জোর দেন তিনি।
তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রম, মশক নিধন, বিদ্যুৎ সরবরাহ, রাস্তাঘাট উন্নয়ন, ট্যাক্স ও রাজস্ব ব্যবস্থাপনা—প্রতিটি খাতে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। দায়িত্ব পালনের সময় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন তিনি।
প্রধানমন্ত্রী ঘোষিত ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ লক্ষ্য বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে সম্মিলিত প্রচেষ্টাই একমাত্র পথ।
অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে তিনি বলেন, তিনি শারীরিকভাবে না থাকলেও মানুষের হৃদয়ে রয়েছেন এবং তার আদর্শ থেকেই সবাই অনুপ্রাণিত হন।
দোয়া ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমানসহ সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন