প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ
শপথ গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনে পৌঁছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেন তিনি।
বঙ্গভবনের প্রধান ফটক-২ এ পৌঁছালে বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানায়। পরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে ক্রেডেনশিয়াল মাঠে গার্ড অব অনার প্রদান করে।
গার্ড অব অনার শেষে বঙ্গভবনের অক্টাগনালে রাষ্ট্রপতির সামরিক সচিব, জনবিভাগের সচিব, প্রেস সচিব এবং পিজিআর কমান্ডারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
প্রথম কর্মদিবসে রাষ্ট্রপতি নিজের দপ্তরে অবস্থান করে গুরুত্বপূর্ণ নথিপত্রে স্বাক্ষর করেন। পাশাপাশি তিনি পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন।
এর আগে গত ২০ আগস্ট জাতীয় সংসদে সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এরপর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে রাষ্ট্রীয় কার্যক্রম শুরু করেন। বঙ্গভবনে প্রবেশের মধ্য দিয়ে তার নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হলো।
মন্তব্য করুন