তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৫:৪৫ পিএম

অনলাইন সংস্করণ

রাজনৈতিক প্রভাব নয়, দক্ষতায় পদোন্নতি—নির্দেশ তারেক রহমানের

রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে থেকে পেশাগত দক্ষতা, সততা ও নেতৃত্বের গুণাবলী বিবেচনা করে নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৩ আগস্ট) সকালে বিমান বাহিনী সদর দপ্তরে ‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী বলেন, পদোন্নতির ক্ষেত্রে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা ও নেতৃত্বের গুণাবলীকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন পদোন্নতি প্রক্রিয়ায় প্রভাব না ফেলে, সে বিষয়ে সতর্ক থাকতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

নির্বাচনী পর্ষদের মাধ্যমে নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদবির কর্মকর্তাদের পরবর্তী পদোন্নতির জন্য বিবেচনা করা হবে।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য নৌ ও বিমান বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিমান বাহিনীর বিভিন্ন অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন। তিনি ঢাকা সেনানিবাসের আকাশ প্রতিরক্ষা পরিচালন কেন্দ্রে স্থাপিত এয়ার ডিফেন্স সিস্টেমের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং এর উদ্বোধনী ফলক উন্মোচন করেন।

এ সময় এয়ার কমান্ড অপারেশন সেন্টারে ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে যুদ্ধবিমান দিয়ে শত্রুবিমান প্রতিরোধ কার্যক্রম এবং লাইভ অপারেশনাল কার্যক্রম পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।

পরে এ্যারোস্পেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কমপ্লেক্সে দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ড্রোন—কামিকাজে, ইন্টারসেপ্টর ও ভিটিওএল—এবং অন্যান্য গবেষণা কার্যক্রম ঘুরে দেখেন তিনি। এ ধরনের প্রযুক্তি উদ্ভাবনকে দেশের প্রযুক্তিগত আত্মনির্ভরতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

এর আগে অনুষ্ঠানে পৌঁছালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধান তাকে স্বাগত জানান। অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে ‘অ্যাডমিরাল’ র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং তাকে অভিনন্দন জানান।

নৌবাহিনী প্রধান এ সময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাহিনীকে আরও আধুনিক ও সময়োপযোগী করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা কামনা করেন।

মন্তব্য করুন