প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ
দেশে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে আরও চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। রোববার (২৩ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
কারিগরি শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থান বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দেশের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তিনি জানান, উন্নত বাংলাদেশ গড়তে প্রচলিত শিক্ষার বাইরে গিয়ে দক্ষতাভিত্তিক শিক্ষায় গুরুত্ব দিতে হবে।
মন্ত্রী বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববাজারে দক্ষ জনশক্তির চাহিদা বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, দক্ষ জনবল বিদেশে কর্মসংস্থানের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে বড় ভূমিকা রাখতে পারে। তাই এই খাতে বিনিয়োগ বাড়ানো জরুরি।
তিনি আরও জানান, সরকার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটকে একটি মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনা নিয়েছে। এ লক্ষ্যে আলাদা প্রকল্প গ্রহণের উদ্যোগ চলছে।
অনুষ্ঠানে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. মো. তরিকুল ইসলাম চৌধুরী স্বাগত বক্তব্য দেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, কারিগরি শিক্ষার এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের কর্মসংস্থান পরিস্থিতির উন্নতি হবে এবং বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা আরও বাড়বে।
মন্তব্য করুন