মোঃ ইমাম হোসাইন

প্রকাশিত: ১৩ ঘন্টা আগে, ০৩:০৪ পিএম

অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যের ১২ দেশে নাগরিকদের জন্য অভিন্ন নিরাপত্তা সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ১২টি দেশে নিজেদের নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য হামলার ঝুঁকি বিবেচনায় সোমবার (১৯ অক্টোবর) সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য মার্কিন দূতাবাসগুলো অভিন্ন সতর্কবার্তা প্রকাশ করে।

ইউরোনিউজ জানিয়েছে, সতর্কবার্তার তালিকায় আছে ইসরাইল, সৌদি আরব, ইরাক, লেবানন, জর্ডান, কাতার, বাহরাইন, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন ও ইরান।

সতর্কবার্তায় বলা হয়েছে, ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী ও ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা বাড়লে বিমান চলাচল বাতিল, আকাশসীমা বন্ধ এবং ভ্রমণে বিঘ্ন ঘটতে পারে। পরিস্থিতি দ্রুত খারাপ হওয়ার আশঙ্কা থাকায় নাগরিকদের আগাম বিকল্প পরিকল্পনা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

মার্কিন কর্তৃপক্ষের সতর্কবার্তায় আরও বলা হয়েছে, ইরান ও ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিশ্বের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা, ব্যবসাপ্রতিষ্ঠান এবং মার্কিন নাগরিকদের সঙ্গে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে।

সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস দেশটির নিরাপত্তা পরিস্থিতিকে জটিল উল্লেখ করে জানিয়েছে, ইরান-সমর্থিত হুথিরা সৌদির বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে। এসব হামলায় হতাহতের পাশাপাশি ভ্রমণেও গুরুতর বিঘ্ন ঘটেছে।

কাতারে মার্কিন দূতাবাস দেশটির নাগরিকদের সরকারি সতর্কবার্তা ও স্থানীয় সংবাদমাধ্যমের খবরে নজর রাখতে, বিক্ষোভ ও বড় জমায়েত এড়িয়ে চলতে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে বলেছে।

সূত্র: টাইমস অফ ইসরাইল

 

মন্তব্য করুন