প্রকাশিত: ১৩ ঘন্টা আগে, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ
জাতীয়করণ হয়েছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও ইনডেক্স কর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি পিডিএস ব্যবস্থায় নিবন্ধনের জন্যই এই নির্দেশনা।
বেশ কিছু এমপিওভুক্ত স্কুল, কলেজ ও স্কুল-কলেজ ইতিমধ্যে জাতীয়করণ হয়েছে। সেসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের রাজস্ব খাতভুক্ত পদে পদায়নও সম্পন্ন হয়েছে। এই নির্দেশনা মূলত তাঁদের জন্য প্রযোজ্য।
১৯ অক্টোবর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানায়। ইতিমধ্যে সব অঞ্চলের মাউশি অধিদপ্তরের পরিচালক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের বিষয়টি জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ‘জাতীয়করণকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের আগে এমপিওভুক্ত বা ইনডেক্সধারী ছিলেন এবং পরবর্তী সময়ে রাজস্ব খাতভুক্ত পদে পদায়ন পেয়েছেন—এমন শিক্ষক-কর্মচারীদের ইনডেক্স যথাযথ প্রক্রিয়ায় কর্তন করতে হবে। এরপর রাজস্ব খাতভুক্ত জনবল হিসেবে নতুন পিডিএস আইডি পাওয়ার জন্য নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।’
এই নির্দেশনা অনুসারে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। ইনডেক্স কর্তনের প্রক্রিয়া এমপিও অনলাইন সফটওয়্যারের মাধ্যমে কিংবা মাউশিতে হার্ডকপিতে আবেদন করে সম্পন্ন করা যাবে।
প্রক্রিয়া মেনে আবেদনের পর এমপিও ইনডেক্স কর্তন হলে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীরা রাজস্ব খাতভুক্ত জনবল হিসেবে নিবন্ধিত হয়ে পিডিএসভুক্ত হতে পারবেন।
মন্তব্য করুন