তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:২৪ এ এম

অনলাইন সংস্করণ

আলীকদম সীমান্তে অবৈধ অনুপ্রবেশ

১৪ মিয়ানমার নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের অভিযোগে মিয়ানমারের ১৪ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সূত্রে এ তথ্য জানা যায়।

বিজিবি জানায়, মঙ্গলবার (১৮ আগস্ট) বিভিন্ন বয়সি ১৪ জন মিয়ানমার নাগরিক স্বেচ্ছায় আলীকদম ব্যাটালিয়নের অধীন কুরুকপাতা চেকপোস্টে এসে আত্মসমর্পণ করেন। এরপর তাদের বিজিবির হেফাজতে নেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের মিয়ানমারের নাগরিক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বলে দাবি করেন। তবে তারা বেসামরিক পোশাক পরিহিত ছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আলীকদম ব্যাটালিয়ন সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

বিজিবি আরও জানায়, অবৈধ অনুপ্রবেশ আইন, ফরেনার্স অ্যাক্ট এবং সীমান্ত নিয়ন্ত্রণ-সংক্রান্ত বিধি লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বুধবার আলীকদম থানায় হস্তান্তর করা হয়েছে।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহা জানান, আটক মিয়ানমার নাগরিকদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন