প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:৪৫ এ এম
অনলাইন সংস্করণ
মক্কা, সৌদি আরব—সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় চতুর্থ শাখায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগীর মধ্যে সেরা হয়ে এই কৃতিত্ব অর্জন করেন তিনি।
রাজধানীর আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী নুরুদ্দিন জাকারিয়া এবারের প্রতিযোগিতায় চতুর্থ শাখায় অংশ নেন। এই শাখায় প্রতিযোগীদের ১৫ পারা পবিত্র কুরআন হিফজ, শুদ্ধ তিলাওয়াত এবং তাজবিদে দক্ষতা যাচাই করা হয়। প্রতিযোগিতার সব ধাপ সফলভাবে অতিক্রম করে তিনি প্রথম স্থান অর্জন করেন।
পাঁচটি পৃথক শাখায় আয়োজিত এ প্রতিযোগিতায় সৌদি আরবসহ আন্তর্জাতিক পর্যায়ের বিচারকরা অংশগ্রহণকারীদের হিফজ, তিলাওয়াত, তাজবিদ ও সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা মূল্যায়ন করেন। প্রতিটি শাখায় সেরা পারফরম্যান্সের ভিত্তিতে মোট ৫০ জন প্রতিযোগীকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হবে।
সৌদি আরবের ইসলাম বিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার মোট পুরস্কারমূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি ২৬ লাখ সৌদি রিয়াল।
বাংলাদেশি এই হাফেজের সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য এক বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
মন্তব্য করুন