বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৫৯ মিনিট আগে, ১০:৪৯ এ এম

অনলাইন সংস্করণ

শোবিজের বাইরে বিনিয়োগ, গাড়ি বিক্রির প্রতিষ্ঠানে যুক্ত সামিরা খান মাহি

অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক কর্মকাণ্ডে যুক্ত হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। ‘স্পিডটাচ অটোস’ নামে একটি গাড়ি বিক্রির প্রতিষ্ঠানের পরিচালক ও শেয়ারহোল্ডার হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি।

নতুন এই উদ্যোগ নিয়ে মাহি জানান, নিজের ভিশন, এনার্জি ও আইডিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রাখতে চান তিনি। তার ভাষায়, ব্র্যান্ড নিউ, রিকন্ডিশন্ড ও প্রি-ওউনড গাড়ির ক্ষেত্রে গ্রাহকদের জন্য উন্নত মান, সঠিক মূল্য এবং প্রতিযোগিতামূলক সুযোগ তৈরি করাই তাদের লক্ষ্য।

অভিনয়ের বাইরে ব্যবসায় যুক্ত হওয়ার পরিকল্পনা দীর্ঘদিনের বলে জানান মাহি। তিনি বলেন, অনেক দিন ধরেই অভিনয়ের পাশাপাশি ভিন্ন কোনো ক্ষেত্রে যুক্ত হওয়ার কথা ভাবছিলেন। সেই পরিকল্পনার অংশ হিসেবেই প্রথমে গাড়ি ব্যবসার সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন।

মাহি আরও জানান, বর্তমানে তিনি দুটি ভিন্ন ব্যবসা নিয়ে কাজ করার পরিকল্পনা করছেন। এর মধ্যে একটি ইতোমধ্যে শুরু করেছেন, অন্যটির বিষয়ে শিগগিরই জানানো হবে।

কাজের পরিমাণ কমিয়ে দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, গত দুই বছর ধরে বেছে বেছে কাজ করছেন। অভিনয় তার প্রধান আয়ের উৎস হলেও সব কাজ না করে গল্প ও চরিত্র বিবেচনায় সিদ্ধান্ত নিচ্ছেন। এ কারণে বিকল্প আয়ের পথ তৈরি করাও প্রয়োজন হয়ে পড়েছে বলে উল্লেখ করেন তিনি।

শোবিজ অঙ্গনে অনেক শিল্পীই এখন অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ব্যবসায় যুক্ত হচ্ছেন। সেই ধারাবাহিকতায় সামিরা খান মাহির এই নতুন উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন