আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:১৭ এ এম

অনলাইন সংস্করণ

ইরানের বিরুদ্ধে ‘কঠোর অর্থনৈতিক যুদ্ধ’ শুরুর ঘোষণা ট্রাম্পের

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক যুদ্ধ’ শুরু করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরানকে কোনো ধরনের সহযোগিতা করলে সংশ্লিষ্ট দেশগুলোকে গুরুতর অর্থনৈতিক পরিণতির মুখে পড়তে হবে বলেও সতর্ক করেছেন তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে এমন একটি ‘কঠোরতম অর্থনৈতিক অভিযান’ শুরু করতে যাচ্ছে, যা এর আগে কোনো দেশের বিরুদ্ধে নেওয়া হয়নি।

তিনি দাবি করেন, ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে, বিমানবাহিনী বিধ্বস্ত এবং সামরিক কারখানাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পাশাপাশি দেশটির মুদ্রার মূল্যও ব্যাপকভাবে কমে গেছে বলে উল্লেখ করেন তিনি।

ট্রাম্প আরও বলেন, ইরানকে যেকোনোভাবে সমর্থন করা দেশগুলোকে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’ ভোগ করতে হবে। তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো দেশের নাম বা পদক্ষেপের ধরন উল্লেখ করেননি তিনি।

নিজের এই উদ্যোগকে ‘অর্থনৈতিক ডি-ডে’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প ইরানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর প্রতি পাশে থাকার আহ্বান জানান। তার ভাষায়, এই পদক্ষেপ ইরান এবং বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার সক্ষমতার ওপর বড় ধরনের আঘাত হানবে।

একই পোস্টে তিনি আবারও জোর দিয়ে বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

মন্তব্য করুন