বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৫৩ মিনিট আগে, ১০:৫৫ এ এম

অনলাইন সংস্করণ

ট্রলের জবাব সাদিয়ার, ‘সমস্যা বাস নয়, সংকীর্ণ মানসিকতা’

সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের সাফল্য ও স্বাবলম্বী হয়ে ওঠাকে নেতিবাচকভাবে দেখার প্রবণতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। সম্প্রতি নারীদের জন্য চালু হওয়া ‘গোলাপি বাস’ সেবা নিয়ে অনলাইনে ছড়ানো ট্রল ও কটূক্তির জবাবে সরব হয়েছেন তিনি।

ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সাদিয়া আয়মান বলেন, সমস্যাটি কোনো বাস, এর রং বা নাম নয়; বরং সমাজের একটি অংশের সংকীর্ণ মানসিকতাই মূল বিষয়। তার মতে, সফল, স্বাধীন ও স্বাবলম্বী নারীদের স্বাভাবিকভাবে গ্রহণ করার ক্ষেত্রে এখনো অনীহা রয়েছে।

‘গোলাপি বাস’ নিয়ে নেতিবাচক মন্তব্যের প্রসঙ্গে তিনি এটিকে ‘কিউট ও পুকি’ উল্লেখ করে নারীদের কঠোর পরিশ্রম ও উদ্যোগের প্রতীক হিসেবে দেখার আহ্বান জানান। একই সঙ্গে এই সেবার সঙ্গে যুক্ত নারী কর্মী ও উদ্যোক্তাদের প্রতি সম্মান প্রদর্শনের কথাও বলেন।

তিনি আরও বলেন, জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে অযথা সমালোচনায় গুরুত্ব না দিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা উচিত। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা পেয়েছে এবং নারীদের অগ্রযাত্রার পথে সামাজিক মানসিকতার প্রতিবন্ধকতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে নারীদের জন্য বিশেষ ‘গোলাপি বাস’ সেবা চালু করা হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য নারী যাত্রীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবহন নিশ্চিত করা। বিশেষ করে কর্মজীবী নারী ও শিক্ষার্থীদের যাতায়াত সহজ করা এবং গণপরিবহনে হয়রানি কমানোর উদ্দেশ্যে এটি চালু করা হয়েছে।

এই সেবায় নারী চালক, হেল্পার ও ব্যবস্থাপনা রাখা হয়েছে এবং নারী যাত্রীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। যদিও উদ্যোগটি অনেকের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমের একটি অংশ বাসের রং ও নাম নিয়ে কটূক্তি শুরু করে।

এই প্রবণতার বিরুদ্ধেই স্পষ্ট অবস্থান নিয়ে প্রতিবাদ জানিয়েছেন সাদিয়া আয়মান, যা নারীদের স্বাবলম্বী হয়ে ওঠার পথে সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

মন্তব্য করুন