তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:০৪ পিএম

অনলাইন সংস্করণ

ভুয়া কাগজে ১ কোটি ৯০ লাখ টাকা ঋণ

পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার

পদ্মা ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাসহ (সিইও) ১০ জনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৩ আগস্ট) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক জানায়, জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র তৈরি করে অভিযোগকারীর নামে প্রায় ১ কোটি ৯০ লাখ টাকা ঋণ গ্রহণের অভিযোগের অনুসন্ধান শেষে মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে।

মামলার অভিযুক্তদের মধ্যে রয়েছেন— এমএইচ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মমিনুর রহমান, মো. অজিত উল্লাহ, পদ্মা ব্যাংকের সাবেক এমডি ও সিইও আব্দুল মোতালেব পাটোয়ারী, সাবেক শাখা ব্যবস্থাপক জর্জ কর্নেলিয়াস গমেজ, সাবেক ক্রেডিট ইনচার্জ মো. রাসেল মিয়া, সাবেক ম্যানেজার অপারেশন এম আতিফ খালেদ, সাবেক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আমেনা বেগম, সাবেক শাখা ব্যবস্থাপক মোহাম্মদ শামছুল হাসান ভূঁইয়া, সাবেক ম্যানেজার মাহবুব আহমদ এবং সাবেক ক্রেডিট ইনচার্জ মো. কাওছার হোসেন।

দুদকের নথি অনুযায়ী, অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ধারায় মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।

সূত্র জানায়, অভিযোগটি অনুসন্ধানের জন্য কমিশন আগে একজন অনুসন্ধানকারী কর্মকর্তা ও একজন তদারককারী কর্মকর্তাকে দায়িত্ব দেয়। দুদক আইন, ২০০৪ এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী তদন্ত শেষে প্রতিবেদন পর্যালোচনা করে কমিশন মামলার অনুমোদন দেয়।

অনুসন্ধানে পদ্মা ব্যাংকের সংশ্লিষ্ট শাখার ঋণ অনুমোদন ও বিতরণ প্রক্রিয়ায় অভিযুক্ত কর্মকর্তাদের সম্পৃক্ততার বিষয়টি উঠে এসেছে। এখন এজাহার দায়ের করে প্রয়োজনীয় রেকর্ডপত্র কমিশনে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন