প্রকাশিত: ৩২ মিনিট আগে, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দেওয়া এক বিশেষ বাণীতে প্রধানমন্ত্রী জানান, মহানবী (সা.)-এর পবিত্র জীবন ও আদর্শ অনুসরণ করেই একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।
বাণীতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত ঘটনা, যা সত্য ও আলোর এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। তিনি বলেন, “মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি, যিনি মানবজাতির হেদায়াত ও কল্যাণের জন্য সর্বশেষ নবী ও রাসূল, রহমাতুল্লিল আলামিন হজরত মুহাম্মদতে (সা.) পৃথিবীতে প্রেরণ করেছেন। তার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক।” তিনি আরও যোগ করেন, পবিত্র কুরআনের শিক্ষার বাস্তব ও জীবন্ত প্রতিফলন ছিল মহানবীর জীবন।
বিশ্বের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে তারেক রহমান বলেন, সংঘাত, বৈষম্য ও নৈতিক অবক্ষয়ের এই সংকটাপন্ন সময়ে মহানবীর শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও উগ্রতা থেকে দূরে রেখে নীতি-নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার ওপর জোর দেন। বাণীর শেষে তিনি বাংলাদেশসহ সমগ্র বিশ্বে শান্তি, সাম্য ও সমৃদ্ধি কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান এবং দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ জানান।
মন্তব্য করুন