প্রকাশিত: ৩৭ মিনিট আগে, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
সংবিধান মেনেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে সরকার নিয়োগ দিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তবে তার দ্বৈত নাগরিকত্ব ত্যাগের বিষয়ে সাংবাদিকদের সরাসরি কোনো স্পষ্ট উত্তর দেননি তিনি।
মঙ্গলবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, “প্রথম কথা হলো, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয় কথা হলো, এই সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে, এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি। এটাকে বলে ডিমিং ক্লজ। যখন শপথ দেওয়া হয়েছে, সেটা সাংবিধানিকভাবেই দেওয়া হয়েছে।”
উল্লেখ্য, গত শুক্রবার টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পান হুমায়ুন কবির। এরপরই তার ব্রিটিশ নাগরিকত্ব থাকার বিষয়টি দেশের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। গতকাল সোমবার সচিবালয়ে সাংবাদিকরা তার নাগরিকত্ব ত্যাগ করা নিয়ে প্রশ্ন তুললে তিনি সরাসরি উত্তর না দিয়ে ক্ষোভ প্রকাশ করে পাল্টা প্রশ্ন করেন, “এ নিয়ে কে নিউজ করেছে, কার এত জ্বালা?”
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে, গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর থেকে হুমায়ুন কবির প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছিলেন।
মন্তব্য করুন