প্রকাশিত: ৯ ঘন্টা আগে, ১১:২৮ পিএম

অনলাইন সংস্করণ

লাকসামে মেয়র প্রার্থী হিসেবে তৃণমূলের পছন্দ মজির আহমদ

আলহাজ্ব মজির আহমদ

কুমিল্লার লাকসাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে তৃণমূলের নেতা-কর্মীদের পছন্দের তালিকায় উঠে এসেছে ভাইয়া গ্রুপের পরিচালক ও লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমদের নাম। স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

স্থানীয়দের ভাষ্যমতে, প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে স্বীকৃত লাকসাম পৌরসভার এই মর্যাদা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মজির আহমদ, তৎকালীন বিএনপি সরকারের আমলে তার উদ্যোগেই এই স্বীকৃতি মেলে। দীর্ঘদিন ধরে লাকসামের মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় স্থানীয়ভাবে তিনি পরিচিত ‘গরিবের বন্ধু’ হিসেবেও।

স্থানীয়রা জানান, রাজনৈতিক-সামাজিক কর্মকাণ্ডের বাইরে ব্যবসা ও কর্মসংস্থান সৃষ্টিতেও উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে তার। তার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে লাকসাম জেনারেল হাসপাতাল, লাকসাম অটোমেটিক রাইস ব্র্যান মিল, এমআর ব্রিক ফিল্ড এবং সোহাগ মৎস্য খামারসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠান, যেগুলোর মাধ্যমে স্থানীয়ভাবে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে বলে জানান তারা।

স্থানীয় নেতা-কর্মীদের মতে, দলমত নির্বিশেষে লাকসামের মানুষের সঙ্গে মজির আহমদের রয়েছে দীর্ঘদিনের সামাজিক ও ব্যক্তিগত সম্পর্ক, যার ফলে তৃণমূল থেকে সাধারণ মানুষ পর্যন্ত সবার কাছেই তার গ্রহণযোগ্যতা লক্ষণীয়।

তাদের দাবি, আসন্ন লাকসাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থীদের একজন হিসেবেই বিবেচনা করছেন স্থানীয়রা আলহাজ্ব মজির আহমদকে। তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত ও নির্বাচনি পরিস্থিতির ওপরই নির্ভর করবে তার প্রার্থিতার বিষয়টি।

মন্তব্য করুন