প্রকাশিত: ৩৫ মিনিট আগে, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ
ঢালিউডের অমর নায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের পুলিশ পরিদর্শক মজিবুর রহমান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেছেন। আগামী বৃহস্পতিবার এই আবেদনের ওপর শুনানির দিন ধার্য রয়েছে।
তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দীর্ঘ সময় রহস্যে ঘেরা সালমান শাহর মৃত্যুর ঘটনাটি নতুন করে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে সিআইডি। গ্রেফতার ডনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা গেলে ঘটনার সময়কার পরিস্থিতি, হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এবং অন্য আসামিদের সম্পৃক্ততা নিয়ে চাঞ্চল্যকর তথ্য মিলবে বলে আশা করা হচ্ছে।
মামলার অগ্রগতি নিয়ে সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের বিশেষ পুলিশ সুপার বেনজির আহমেদ জানান, বর্তমানে মামলাটির তদন্তকাজ অব্যাহত রয়েছে এবং তদন্ত শেষ হলে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হবে। অন্যদিকে, তদন্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, "আগামী বৃহস্পতিবার রিমান্ড আবেদনের শুনানি রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা গেলে অনেক তথ্য বেরিয়ে আসবে।"
এদিকে গ্রেফতারের বিষয়ে ক্ষোভ ও বিচার পাওয়ার আশা ব্যক্ত করেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। তিনি বলেন, "গ্রেফতার আসামি ডন-কে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য বেরিয়ে আসবে। মামলার অন্য আসামিরা সবাই দেশেই আছে। তাদের কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না, বুঝতে পারছি না। তদন্তের পর আদালত নির্দেশ দিয়েছেন, এটি হত্যাকাণ্ড এবং হত্যা মামলা হিসেবে নিতে হবে।" সালমান শাহ হত্যার নেপথ্যে চলচ্চিত্র শিল্পের অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দল, প্রযোজকদের সঙ্গে বিরোধ এবং শ্বশুরবাড়ির লোকদের সম্পৃক্ততার অভিযোগ তোলেন তিনি।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর নিউ ইস্কাটন রোডের বাসভবনে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর দেহ উদ্ধারের পর দীর্ঘ তিন দশক এটি অপমৃত্যু মামলা হিসেবে তদন্ত হয়েছিল। পিবিআইসহ বিভিন্ন সংস্থার আত্মহত্যার তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে পরিবার আইনি লড়াই চালিয়ে যায়। পরবর্তীতে আদালতের নির্দেশে ২০২৫ সালের ২১ অক্টোবর রমনা থানায় সালমান শাহর স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ও অভিনেতা ডনসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। গত ৯ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেফতার করে সিআইডি।
মন্তব্য করুন