প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ
সুন্দরবনের উপকূলীয় নদীপথ ব্যবহার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে পুশইনের একটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় বুধবার (১০ জুন) সকাল পর্যন্ত এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে বিজিবি। টানা নজরদারি ও কঠোর অবস্থানের কারণে সীমান্তের কোনো পয়েন্ট দিয়েই অনুপ্রবেশ সম্ভব হয়নি বলে জানানো হয়েছে।
১৭ বিজিবি ব্যাটালিয়নের সূত্রে জানা যায়, ভারতীয় ৭৪ ও ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা ১৮ থেকে ২০ জন নারী, পুরুষ ও শিশুকে জড়ো করে নদীপথসহ বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তবে বিজিবির সতর্ক অবস্থান ও তৎপরতার কারণে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।
নীলডুমুর ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহারিয়ার রাজিব বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না। সীমান্তে পুশইনের যেকোনো ধরনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হচ্ছে।
তিনি আরও বলেন, নদীপথ ও উপকূলীয় স্পর্শকাতর এলাকাগুলোতে রাতভর টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি মাইকিং ও হুইসেলের মাধ্যমে বিএসএফকে সতর্ক করা হচ্ছে যে, বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছে।
মন্তব্য করুন