প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা কথিত মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার, শেখ তুহিনের সম্পদের উৎস অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে তদন্ত এবং তাকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) দুপুরে শহরের প্রেসক্লাব গোপালগঞ্জের সামনে প্রেসক্লাব, গোপালগঞ্জের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্নস গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীন সাংবাদিকতা ও সত্য প্রকাশের পথ রুদ্ধ করতে সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দায়ের করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের সাংবিধানিক অধিকারের জন্য হুমকিস্বরূপ। তারা সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
বক্তারা আরও বলেন, শেখ তুহিনের নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ নিয়ে জনমনে নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। এসব সম্পদের উৎস ও বৈধতা যাচাইয়ে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। একই সঙ্গে অভিযোগের সুষ্ঠু তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, “সাংবাদিকদের কণ্ঠরোধের অপচেষ্টা কখনো সফল হবে না। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ রয়েছে। গণমাধ্যমকর্মীদের হয়রানি বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
পরে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরমান খান জয়। এ সময় বক্তব্য দেন মো. জুবায়ের হোসেন, শৈলেন্দ্রনাথ মজুমদার, আরিফুল হক আরিফ, মামুনুর রশিদ জুয়েল, পলাশ শিকদার, আরিফুল রশিদ, মেহেদী হাসান ও বিশ্বজিৎ চন্দ্র সরকার।
মন্তব্য করুন