প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ১২:১৩ পিএম
অনলাইন সংস্করণ
অধিকৃত পশ্চিম তীরজুড়ে অভিযানে ৮০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরাইলি বাহিনী। এছাড়া কুসরা শহরে আল-রাহমা মসজিদে আগুন দিয়েছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা ।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে ফিলিস্তিনি সংবাদমাধ্যম জানিয়েছে, বসতি স্থাপনকারীরাই মসজিদটিতে আগুন লাগিয়ে দিয়েছে। তবে এ ঘটনায় ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তাও জানা যায়নি।
তবে একই সময়ে পশ্চিম তীরজুড়ে অভিযান চালিয়ে অন্তত ৮০ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, নাবলুস, রামাল্লাহ, জেনিন, হেবরন, বেথলেহেম ও তুলকারেমসহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। এ ছাড়া জেনিন শহর ও আশপাশের একাধিক গ্রামে বড় পরিসরের সামরিক অভিযান শুরু করেছে ইসরাইলি বাহিনী।
ইসরাইলি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, পশ্চিম তীরের প্রধান সড়ক ও বিভিন্ন গ্রামের প্রবেশপথে অতিরিক্ত চেকপোস্ট বসিয়ে কঠোর চলাচল নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
সাম্প্রতিক সংঘর্ষে চার ফিলিস্তিনি ও দুই ইসরাইলি সেনা নিহত হওয়ার পর পশ্চিম তীরে নিরাপত্তা অভিযান আরও জোরদার করেছে ইসরাইল। ধরপাকড় ও হয়রানির মাত্রাও বেড়েছে। সূত্র: আল জাজিরা
মন্তব্য করুন