তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:২৫ পিএম

অনলাইন সংস্করণ

সবাইকে ব্যবসাবান্ধব পরিবেশ দেওয়ার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর তারেক রহমানের

ছবি: সংগৃহীত

সব নাগরিকের জন্য সহজ ও নিরাপদ ব্যবসা করার সুযোগ তৈরির কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, প্রত্যেকের জন্য এমন একটি পরিবেশ গড়ে তোলা হবে, যেখানে মানুষ নির্বিঘ্নে ব্যবসা করতে পারবেন এবং একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন। সেই লক্ষ্যেই চলতি বাজেট প্রণয়ন করা হচ্ছে বলে জানান তিনি।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের চতুর্থ দিনের প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন হাফিজ উদ্দিন আহমেদ।

কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলমের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্বৈরাচার পতনের পর দেশের অর্থনৈতিক ব্যবস্থায় দুর্নীতি ও অর্থপাচারের কারণে বড় ধরনের ক্ষতি হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা সরকারের প্রধান লক্ষ্য।

তিনি বলেন, আগামী বাজেটে ব্যবসায়ী, শিল্পপতি ও ট্রেডার—সব শ্রেণির উদ্যোক্তাদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে তারা স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন এবং নতুন কর্মসংস্থান তৈরি হয়।

প্রধানমন্ত্রী আরও জানান, বিনিয়োগ আকর্ষণ ও ব্যবসা সহজীকরণে সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের সেবাগুলো অনলাইনে দ্রুত করা, রপ্তানি নীতি হালনাগাদ এবং আমদানি নীতি ২০২৬–২০২৯ সংশোধনের কাজ।

তিনি বলেন, রপ্তানিমুখী আমদানিতে অশুল্ক বাধা দূর করা হচ্ছে এবং বন্ডেড ও নন-বন্ডেড প্রতিষ্ঠানগুলোর জন্য ফ্রি অব কস্ট (এফওসি) সুবিধা সম্প্রসারণ করা হচ্ছে। পাশাপাশি আমদানি প্রক্রিয়ায় মূল্য পরিশোধ ব্যবস্থা সহজ করা এবং এলসি ছাড়াই চুক্তির মাধ্যমে আমদানির সুযোগ চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্ব বাণিজ্য সংস্থার চুক্তি বাস্তবায়ন ও ট্রেড ফ্যাসিলিটেশনের মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাণিজ্য প্রক্রিয়া আরও দ্রুত ও স্বচ্ছ করার কাজ চলছে বলেও তিনি জানান।

মন্তব্য করুন