অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:০৫ পিএম

অনলাইন সংস্করণ

দুধ পান করাতে গিয়ে ঘুমিয়ে পড়েন মা, উঠে দেখেন দুই সন্তান নেই, পরে পাওয়া গেল লাশ

নড়াইল পৌরসভার ভাটিয়া এলাকায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) সকালে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে পরিবার।

নিহত দুই শিশু হলো—আবু বক্কর (৫) ও ওমর ফারুক (২)। তারা ভাটিয়া গ্রামের ভ্যানচালক মাজেদুল শেখের সন্তান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ছোট ছেলে ওমর ফারুককে দুধ পান করাতে করাতে ঘুমিয়ে পড়েন তাদের মা। এ সময় কোনো এক ফাঁকে ঘর থেকে বের হয়ে বাইরে খেলতে যায় দুই ভাই। পরে সকাল ১০টার দিকে ঘুম ভাঙার পর সন্তানদের খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন তিনি।

একপর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে স্থানীয় লোকজন খোঁজ শুরু করলে সেখান থেকে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য করুন