প্রকাশিত: ৯ জুন, ২০২৬, ১১:২৫ এ এম
অনলাইন সংস্করণ
কিউবার উত্তর-পশ্চিম উপকূলে প্রায় দেড় শতাব্দীর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (৮ জুন) স্থানীয় সময় সংঘটিত ৬ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পে কিউবার পাশাপাশি মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কিছু এলাকাতেও কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ।
সংস্থাটি জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কিউবার মানতুয়া শহর থেকে প্রায় ১০৪ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে। রাজধানী হাভানাসহ বিস্তৃত এলাকায় কম্পন অনুভূত হয়। যেসব অঞ্চলে সাধারণত ভূমিকম্প খুব কম ঘটে, সেখানেও কম্পন অনুভূত হওয়ায় ঘটনাটি বিশেষ গুরুত্ব পেয়েছে।
পল আর্ল বলেন, ‘সোমবারের ভূমিকম্পটি ক্যারিবিয়ান অঞ্চলের জন্য অস্বাভাবিক ছিল। কম্পনটি একটি টেকটোনিক প্লেটের মধ্যে সংঘটিত হয়, যেখানে সাধারণত প্লেট সীমানা বরাবর সংঘটিত হওয়ার তুলনায় ভূমিকম্পগুলো আরও বিক্ষিপ্ত এবং কম ঘন ঘন ঘটে থাকে।’
তিনি আরও বলেন, ‘১৮৮০ সালের পর সোমবারের ভূমিকম্পের ৩২২ কিলোমিটার (২০০ মাইল) ব্যাসার্ধের মধ্যে এত শক্তিশালী ভূমিকম্প আঘাত হানেনি; সে বছর কিউবার সান ক্রিস্টোবালের কাছে ৬.০ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল।’
এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটের কারণে দুর্বল অবকাঠামো থাকা কিউবায় এ ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। একই সঙ্গে বিদ্যুৎ বিভ্রাটের কারণে যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হচ্ছে।
পিনার দেল রিও প্রদেশের বাসিন্দা ইউসমিলা হার্নান্দেজ বলেন, ‘ভূমিকম্পটি অত্যন্ত তীব্র ছিল। আমি এর আগে কখনো এমন কিছু অনুভব করিনি। সবাই ভয়ে বাইরে ছুটে যায়। আমি তা ভাষায় প্রকাশ করতে পারব না। মনে হচ্ছিল, এখানে আগে কখনো এমন ভূমিকম্প হয়নি।’
ভূমিকম্পের প্রভাব ফ্লোরিডাতেও অনুভূত হয়েছে বলে জানায় ইউএসজিএস। পাশাপাশি মেক্সিকোর ইউকাতান উপদ্বীপের পর্যটনকেন্দ্র কানকুন, প্লায়া দেল কারমেন ও তুলুমেও কম্পন অনুভূত হয়। ইউকাতান ও কুইন্টানা রু রাজ্যে জরুরি অবস্থা জারি করা হলেও এখনো বড় ধরনের ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা বা নজরদারি জারি করা হয়নি।
মন্তব্য করুন