আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৯ জুন, ২০২৬, ১০:১৮ এ এম

অনলাইন সংস্করণ

যুদ্ধ ফের শুরু হলে একাই লড়তে হবে নেতানিয়াহুকে ট্রাম্পের সতর্কবার্তা

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে সংঘাত পুনরায় শুরু হলে ইসরাইলকে একাই এর পরিণতি বহন করতে হতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (৮ জুন) তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-কে এই বার্তা দেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর ইরান ও ইসরাইল যখন সাময়িকভাবে সামরিক কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে, ঠিক সেই প্রেক্ষাপটেই ট্রাম্পের এই সতর্কবার্তা আসে। তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যমে উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়ে বলেন, শান্তির লক্ষ্যে আলোচনা এগিয়ে যেতে পারে—যদি না ‘অজ্ঞতা বা বোকামি’ তা ব্যাহত করে।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রাম্প সরাসরি ফোনে নেতানিয়াহুর সঙ্গে কথা বলে হামলা বন্ধ রাখার অনুরোধ জানান। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি বলেছি, ‘বিবি, সাবধান থাকো। না হলে খুব শিগগিরই তোমাকে একাই লড়তে হবে।’’

সংঘাতের সাম্প্রতিক পর্ব শুরু হয় রোববার (৭ জুন), যখন লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার জবাবে বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলা চালায় ইসরাইল। একই সময়ে উত্তর ইসরাইলে হামলা চালায় ইরান, যার পাল্টা জবাবে তেল আবিব তেহরানের বিভিন্ন স্থাপনায় আঘাত হানে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও পরে ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে দুই দেশই সোমবার হামলা স্থগিতের ঘোষণা দেয়। বিশ্লেষকদের মতে, এই সাময়িক বিরতি সংঘাত প্রশমনে গুরুত্বপূর্ণ হলেও পরিস্থিতি এখনো অনিশ্চিত রয়ে গেছে এবং নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা পুরোপুরি কাটেনি।

মন্তব্য করুন