প্রকাশিত: ২১ মে, ২০২৬, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ
পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যায় ক্ষোভে ফেটে পড়েছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার ইমরুল কায়েস। এই নৃশংস ঘটনার প্রতিবাদে তিনি সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ধর্ষকদের প্রকাশ্য শাস্তির বিধান চালুর আবেদন জানিয়েছেন।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক আবেগঘন পোস্টে ইমরুল কায়েস লেখেন, ‘আসসালামু আলাইকুম, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে বিনীত অনুরোধ—এ দেশটি আপনি সেভ করুন।’ তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘এই দেশে আর কোন শিশুই নিরাপদ নয়। কিছু মানুষ হিংস্র পশুর থেকেও বেশি হিংস্র হয়ে গেছে, এবং যারা সমাজে এসব কাজে লিপ্ত, তাদের জন্য আপনি সংবিধান পরিবর্তন করে কঠোর শাস্তি, ফাঁসি অথবা জনসমক্ষে পাথর নিক্ষেপের একটি আইন পাশ করুন।’
এই সাবেক ওপেনারের দাবি, ‘বিচারব্যবস্থা এমন করুন যাতে কেউ আর সাহস না পায় এ ধরনের জঘন্য কাজ করতে। এসব মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই।’ তিনি আরও লেখেন, ‘এই বিষয়ে সংবিধান পরিবর্তন করুন—এই দেশের প্রতিটি দলের মানুষ এই কাজের জন্য আপনার পাশে থাকবে, ইনশাআল্লাহ। আমরা আর চাই না এই দেশে কোনো নিরীহ মানুষ বা শিশু এভাবে প্রাণ হারাক।’
উল্লেখ্য, গত মঙ্গলবার পল্লবীতে প্রতিবেশী স্বপ্না ও তার স্বামী সোহেল রানা দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসাকে কৌশলে ঘরে আটকে ধর্ষণের পর হত্যা করে। শিশুটির জুতা দেখে সন্দেহ হলে তার মা বিষয়টি জানতে পারেন। এ সময় অভিযুক্ত দম্পতি পালিয়ে গেলেও পুলিশ পরে তাদের গ্রেপ্তার করেছে। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ইমরুল কায়েস ৩৯ টেস্ট, ৭৮ ওয়ানডে ও ১৪ টি-টোয়েন্টি খেলেছেন। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড গড়া এক সিরিজের পর ২০২৪ সালে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নেন। বর্তমানে কোচিং ও ব্যবসার সঙ্গে যুক্ত এই তারকা এমন নজিরবিহীন কঠোর দাবি তুলে ধরলেন।
মন্তব্য করুন