তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১৭ মে, ২০২৬, ১১:৪১ এ এম

অনলাইন সংস্করণ

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে কালবৈশাখী ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

ছবি: সংগৃহীত

রোববার সন্ধ্যা ৬টার মধ্যে দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানিয়ে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার সকালে সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে জানানো হয়, রংপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে একই এলাকায় সাধারণ লঘুচাপে পরিণত হয়েছে। আরেকটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে রোববার সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে।

তবে বৃষ্টিপাতের এই সম্ভাবনার মধ্যেও তাপপ্রবাহ কিছু অঞ্চলে অস্বস্তি বাড়িয়ে রাখবে। আবহাওয়া অফিস জানায়, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্তমানে মাদারীপুর, লক্ষ্মীপুর, রাজশাহী ও পাবনাসহ পুরো খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। একদিকে ঝড়-বৃষ্টি, অন্যদিকে অস্বস্তিকর গরম—মে মাসের চিরচেনা এই দ্বৈত আবহাওয়াতেই কাটছে চলতি সপ্তাহ।

মন্তব্য করুন