প্রকাশিত: ৮ ঘন্টা আগে, ০৯:৩৯ এ এম
অনলাইন সংস্করণ
ইরান বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার এক দিনের মধ্যেই আসন্ন আলোচনার ভিত্তি হিসেবে দেওয়া তাদের ১০ দফা প্রস্তাবের তিনটি শর্ত লঙ্ঘিত হয়েছে। মঙ্গলবার রাতে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে তেহরান জানিয়েছে, বারবার প্রতিশ্রুতি ভঙ্গের কারণে ওয়াশিংটনের প্রতি তাদের ঐতিহাসিক অবিশ্বাস আরও গভীর হয়েছে।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের কালিবাফের নেতৃত্বে দেওয়া বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে ১০ দফা প্রস্তাবকে আলোচনার কার্যকর ভিত্তি বলে বর্ণনা করেছিলেন। কিন্তু এরপরও তিনটি ধারা লঙ্ঘিত হয়েছে। প্রথম লঙ্ঘন হলো লেবাননে যুদ্ধবিরতির শর্ত। ইরানি কর্মকর্তারা উল্লেখ করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ স্পষ্টভাবে বলেছিলেন যে লেবাননসহ সব অঞ্চলে তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। কিন্তু ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে।
দ্বিতীয় লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে ইরানের আকাশসীমায় ড্রোন প্রবেশ। ফার্স প্রদেশের লার এলাকার আকাশে একটি হার্মিস-৯০০ ড্রোন ভূপাতিত করা হয়েছে। তৃতীয় লঙ্ঘন হলো ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার অস্বীকার। ১০ দফা প্রস্তাবের ষষ্ঠ ধারায় এই অধিকার স্বীকৃত ছিল বলে ইরান দাবি করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, আলোচনার যে কার্যকর ভিত্তি তৈরি করা হয়েছিল তা খোলাখুলিভাবে লঙ্ঘিত হয়েছে। এমন পরিস্থিতিতে দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি বা আলোচনা অযৌক্তিক। পাকিস্তানের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় আঞ্চলিক উত্তেজনা নতুন করে বেড়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এখনও মধ্যস্থতার ভূমিকায় সক্রিয় রয়েছেন। তিনি সংযম প্রদর্শন ও সংলাপের আহ্বান জানিয়েছেন। ইসলামাবাদে শুক্রবার থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। ইরানের এই অভিযোগ তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আস্থার সংকটকে আরও তীব্র করেছে এবং প্রস্তাবিত আলোচনার ভবিষ্যৎ নিয়ে সন্দেহ তৈরি করেছে।
মন্তব্য করুন