প্রকাশিত: ১৯ আগষ্ট, ২০২৬, ১০:৫৪ এ এম
অনলাইন সংস্করণ
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে দীর্ঘদিন আটক থাকার পর আরও ১৭৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টার থেকে তাদের নিরাপদ ও মানবিকভাবে প্রত্যাবাসন করা হয়। লিবিয়ার বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরত আনা হয় এসব নাগরিককে। ফিরতি যাত্রীদের মধ্যে তিনজন নারী, একজন শিশু এবং ১৫ জন অসুস্থ ব্যক্তি রয়েছেন।
জানা গেছে, উন্নত জীবনের আশায় অনিয়মিত পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন এসব বাংলাদেশি। সমুদ্রপথে অভিযানের সময় তারা উদ্ধার বা আটক হন এবং পরে দীর্ঘ সময় লিবিয়ার ডিটেনশন সেন্টারে মানবেতর পরিবেশে বন্দি জীবন কাটান।
দূতাবাস সূত্রে জানা যায়, লিবিয়ায় আটক বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে স্থানীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত সমন্বয় করা হচ্ছে। এর ধারাবাহিকতায় সর্বশেষ এই ১৭৪ জনকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
বর্তমানে বেনগাজীর গ্যানফুদা ও ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের পরিচয় যাচাই ও সাক্ষাৎকার গ্রহণের কাজ চলছে। অবশিষ্ট নাগরিকদেরও পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ অব্যাহত রয়েছে।
এর আগে চলতি মাসের ৭ আগস্ট একই ধরনের পরিস্থিতি থেকে উদ্ধার হয়ে দেশে ফিরেছিলেন ৩৪০ বাংলাদেশি। সর্বশেষ এই ১৭৪ জনসহ আগস্ট মাসে মোট ৫১৪ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হলো।
বাংলাদেশ দূতাবাস সকলকে দালাল ও মানবপাচারকারীদের প্রলোভনে না পড়ে বৈধ ও নিরাপদ অভিবাসনপথ অনুসরণের আহ্বান জানিয়েছে। বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে আইনসম্মত ও সরকারি অনুমোদিত পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
মন্তব্য করুন