প্রকাশিত: ৪১ মিনিট আগে, ১০:২০ এ এম
অনলাইন সংস্করণ
ইরানের নতুন প্রশাসনের অধীনে পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী দেশগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, আঞ্চলিক উত্তেজনা কমানো এবং প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে ইরান সক্রিয়ভাবে কাজ করছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন প্রশাসন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নকে নীতিগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে। এই নীতির অংশ হিসেবে প্রতিটি দেশের সঙ্গে বিদ্যমান উত্তেজনা দূর করা এবং আঞ্চলিক সম্পৃক্ততা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে।
সাম্প্রতিক অস্থিরতার সময় সহযোগিতার জন্য প্রতিবেশী দেশগুলোর প্রশংসা করেন তিনি। আরাঘচি বলেন, কয়েকটি দেশ ইরানকে পণ্য ও ওষুধ সরবরাহ করেছে এবং তাদের ভূখণ্ড ব্যবহার করে আটকে পড়া ইরানি নাগরিকদের দেশে ফেরার সুযোগ দিয়েছে। পাশাপাশি ইরানি বিমানের জন্য আকাশসীমা ব্যবহারের অনুমতিও দেওয়া হয়েছে।
যুদ্ধ পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, সংঘাতের শুরুতে যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছিল ইরান। তার ভাষায়, ইরান কেবল সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং সংঘাতের স্থায়ী অবসান চায়।
তিনি আরও বলেন, অতীতে যুদ্ধবিরতির পর পুনরায় সংঘাত শুরু হওয়ার অভিজ্ঞতা রয়েছে। তাই এমন পরিস্থিতি যেন পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে ইরান সতর্ক অবস্থান নিয়েছে।
মন্তব্য করুন