প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৯:৪৩ এ এম
অনলাইন সংস্করণ
সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (১৮ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের একটি আমিরাতের জলসীমায় এবং অন্যটি জলসীমার বাইরে গিয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বার্তায় আমিরাতের প্রতিরক্ষা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্ভাব্য হামলার আশঙ্কায় কয়েক মাস পর প্রথমবারের মতো আগাম সতর্কতা জারি করে দেশটির জাতীয় জরুরি, সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগত ক্ষেপণাস্ত্রের হুমকি শনাক্ত করে। এ সময় নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থান করার এবং সরকারি নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়।
একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মোবাইল বার্তার মাধ্যমে বাসিন্দাদের সতর্ক করে নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নিতে নির্দেশ দেয়।
এর আগে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় আমিরাতের একটি তেলবাহী জাহাজে হামলার অভিযোগ তুলে ইরানের প্রতি উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনার পর আমিরাত ইরানকে উসকানিমূলক কার্যক্রম বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার আহ্বান জানায়।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানের হামলার অন্যতম লক্ষ্যবস্তু হয়ে উঠেছে সংযুক্ত আরব আমিরাত। চলতি সংঘাত শুরুর পর থেকে দেশটির দিকে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই হামলা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলতে পারে।
মন্তব্য করুন