প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শনিবার (১৫ আগস্ট) রাতে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের সুরিয়াবো এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুরিয়াবো কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে রউফ মিয়া ও শরিফ মিয়ার অনুসারীদের মধ্যে বিরোধ চলছিল। শনিবার এশার নামাজের পর এ নিয়ে উভয়পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।
একপর্যায়ে শরিফ মিয়ার সমর্থকরা ধারালো অস্ত্র নিয়ে রউফ মিয়ার সমর্থকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় রউফ মিয়ার সমর্থকরাও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। পরে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে রানী বেগম, মাসুদ মিয়া, রেজাউল, আবুল হোসেনসহ অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল থেকে মাজহারুল ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, যেকোনো সময় আবারও সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।
আহতদের স্বজনরা দাবি করেছেন, পূর্ব বিরোধের জের ধরে তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উভয়পক্ষের অভিযোগ নেওয়া হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন