প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ
ফল আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংক ও গ্রাহকের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে মার্জিনের হার নির্ধারণ করা যাবে।
রোববার (১৬ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি করে। এতে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সার্কুলারে উল্লেখ করা হয়, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতার প্রেক্ষাপটে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর জারি করা নির্দেশনায় বিলাসপণ্য ও দেশীয় বিকল্প পণ্যের আমদানিতে এলসি খোলার সময় ১০০ শতাংশ নগদ মার্জিন বাধ্যতামূলক করা হয়েছিল, যার মধ্যে ফলও অন্তর্ভুক্ত ছিল।
তবে বর্তমানে বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও লেনদেনে স্থিতিশীলতা উন্নত হওয়ায় এই কঠোর শর্তের প্রয়োজনীয়তা কমেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। জনস্বাস্থ্য ও পুষ্টির চাহিদা বিবেচনায় ফল আমদানি সহজ করা এবং বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে নগদ মার্জিনের হার নির্ধারণ করা যাবে। তবে ২০২৪ সালের সার্কুলার এবং অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
মন্তব্য করুন