তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ১০:৩০ এ এম

অনলাইন সংস্করণ

মানবতাবিরোধী অপরাধের মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ শুরু

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে।

বুধবার (১০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু হবে।

মামলার সব আসামিই বর্তমানে পলাতক রয়েছেন। শামীম ওসমান ছাড়াও অভিযুক্তদের মধ্যে রয়েছেন তাঁর ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, অয়নের শ্যালক মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি, নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের সাবেক সভাপতি তানভীর আহমেদ টিটু, বেসরকারি টেলিভিশন ডিবিসির নারায়ণগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদ, সাবেক কাউন্সিলর আব্দুল করিম বাবু ও কামরুল হাসান মুন্না, মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহ নিজাম উদ্দিন আহমেদ, যুবলীগ নেতা শাহাদাত হোসেন সাজনু এবং ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ ও সোহানুর রহমান শুভ্র।

এর আগে গত ১৩ মে প্রসিকিউশনের দাখিল করা তিনটি আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল ১২ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন এবং আজকের দিন সাক্ষ্যগ্রহণের জন্য নির্ধারণ করেন।

অভিযোগপত্র অনুযায়ী, প্রথম ঘটনায় ২০২৪ সালের ১৯ জুলাই নারায়ণগঞ্জ সদর উপজেলার চাষাঢ়া ও ফতুল্লা থানাধীন সাইনবোর্ডসহ আশপাশের এলাকায় ছয়জনকে হত্যা করা হয়। দ্বিতীয় ঘটনায় ২১ জুলাই ফতুল্লার ভূইগড় বাসস্ট্যান্ড এলাকায় আরও দুইজনকে হত্যা করা হয়। তৃতীয় ঘটনায় ৫ আগস্ট আরও দুইজনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

চলতি বছরের ১৯ জানুয়ারি প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। আসামিরা পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং তাদের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন