প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:৩২ এ এম
অনলাইন সংস্করণ
আগামী অর্থবছরের বাজেটে ব্যবসা শুরু ও পরিচালনায় সময়, ব্যয় ও অনিশ্চয়তা কমাতে অনুমোদন ও লাইসেন্সিং প্রক্রিয়ায় বড় ধরনের সংস্কারের ঘোষণা আসতে পারে। প্রস্তাব অনুযায়ী, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন জমা থেকে লাইসেন্স প্রদান পর্যন্ত পুরো প্রক্রিয়া সর্বোচ্চ সাত দিনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে।
সরকার মনে করছে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে ব্যবসা শুরুর জটিলতা কমবে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে উঠবে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট সংস্থা মতামত, ছাড়পত্র বা প্রয়োজনীয় কাগজপত্র দিতে ব্যর্থ হলে ‘ডিমড অ্যাপ্রুভাল’ বা স্বয়ংক্রিয় সম্মতি ধরে নিয়ে আবেদন নিষ্পত্তির ব্যবস্থাও চালুর ঘোষণা থাকতে পারে।
কোম্পানি নিবন্ধন প্রক্রিয়ায় গতি আনতে ৪৮ ঘণ্টার মধ্যে নিবন্ধন সম্পন্ন করার পরিকল্পনাও বাজেট প্রস্তাবে অন্তর্ভুক্ত হতে পারে। এছাড়া বিদেশি বিশেষজ্ঞ ও দক্ষ জনবলের জন্য ওয়ার্ক পারমিট সাত দিনের মধ্যে এবং বিনিয়োগকারী ও প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য ১০ দিনের মধ্যে ভিসা প্রদানের উদ্যোগ নেওয়ার কথা রয়েছে।
বিনিয়োগকারীদের আইনি সুরক্ষা জোরদার ও আন্তর্জাতিক আস্থা বাড়াতে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি সম্প্রসারণ এবং দ্বৈত কর পরিহার চুক্তি হালনাগাদ ও কার্যকর করার পরিকল্পনাও বিবেচনায় রয়েছে।
এ ছাড়া নির্ধারিত শিল্পাঞ্চল ও অর্থনৈতিক অঞ্চলে ‘প্লাগ অ্যান্ড প্লে’ সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে বিনিয়োগকারীরা দ্রুত কারখানা স্থাপন করে উৎপাদন শুরু করতে পারেন।
সংশ্লিষ্টদের মতে, এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে দেশের ব্যবসার পরিবেশ আরও সহজ হবে এবং দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন