বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১২:১২ পিএম

অনলাইন সংস্করণ

তিন দেশে তিন উদ্বোধনী অনুষ্ঠান: ভিন্ন আয়োজনে শুরু হচ্ছে ২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠানে কখন কী থাকছে

ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ শুরু হতে আর বাকি নেই। ২০২৬ সালের আসরটি ইতিহাসে নতুন মাত্রা যোগ করছে, কারণ প্রথমবারের মতো তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা—যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করছে। একইসঙ্গে তিন দেশেই আলাদাভাবে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান।

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির ঐতিহ্যবাহী আজতেকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ১টায় স্বাগতিকদের ম্যাচ দিয়ে বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এর ৯০ মিনিট আগে, অর্থাৎ রাত ১১টায় শুরু হবে প্রথম উদ্বোধনী অনুষ্ঠান।

পরদিন কানাডার টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু হওয়া এ আয়োজনে স্বাগতিক কানাডা বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবে রাত ১টায়।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে তৃতীয় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে শনিবার ভোর সাড়ে ৫টায়। এর পর সকাল ৭টায় মাঠে নামবে স্বাগতিক দল, প্রতিপক্ষ প্যারাগুয়ে।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান এখন শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং বৈশ্বিক বিনোদনের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। বিশেষ করে ২০১০ সালে শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ পরিবেশনার পর থেকেই এ আয়োজন ঘিরে দর্শকদের আগ্রহ বহুগুণ বেড়েছে।

এবারের তিনটি উদ্বোধনী অনুষ্ঠান আলাদা শহরে হলেও মূল ভাবনা এক—আয়োজক দেশগুলোর সংস্কৃতি বিশ্বমঞ্চে তুলে ধরা। মেক্সিকো সিটির আয়োজনে স্থানীয় ঐতিহ্য, আদিবাসী সংস্কৃতি ও ‘পাপেল পিকাডো’ শিল্পের প্রদর্শন থাকবে। এখানে বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ডাই ডাই’ পরিবেশন করবেন শাকিরা, সঙ্গে থাকবেন নাইজেরিয়ার বার্না বয়।

কানাডার অনুষ্ঠানে দেশটির ইতিহাস ও গৌরবময় মুহূর্তগুলো তুলে ধরা হবে, যেখানে অংশ নেবেন অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা ও মাইকেল বুবলের মতো শিল্পীরা। লস অ্যাঞ্জেলেসের আয়োজনে থাকবে বৃহৎ ভিজ্যুয়াল প্রযোজনা ও গল্পনির্ভর পরিবেশনা, যেখানে পারফর্ম করবেন কেটি পেরি, অ্যানিত্তা, লিসাসহ বিশ্বখ্যাত তারকারা।

তিনটি উদ্বোধনী অনুষ্ঠানই নির্মাণ করেছেন আন্তর্জাতিকভাবে খ্যাতনামা প্রযোজক মার্কো বালিচ, যিনি এর আগে একাধিক অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানের সৃজনশীল নেতৃত্ব দিয়েছেন।

ভিন্নতা ও বৈচিত্র্যের সমন্বয়ে সাজানো এবারের বিশ্বকাপ উদ্বোধনী আয়োজন বিশ্ব ফুটবল ভক্তদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হতে যাচ্ছে।

মন্তব্য করুন