তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:৫৫ এ এম

অনলাইন সংস্করণ

চলন্ত মোটরসাইকেলে ইট নিক্ষেপ, সিসিটিভিতে ধরা পড়ল পরিকল্পিত হামলার দৃশ্য

রাজধানীর মিরপুরের কাফরুল থানাধীন পূর্ব শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ইট নিক্ষেপ করে এক যুবককে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ জুন) গভীর রাতে সংঘটিত এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সোয়া ১টার দিকে আশরাফ আলী সড়ক দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় রাফি নামে ওই যুবককে লক্ষ্য করে ইট ছুড়ে মারা হয়। আঘাতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইটের আঘাতে মোটরসাইকেল থেকে পড়ে যাওয়ার পর ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরাই পরে দুর্ঘটনাটিকে ‘ভবনের ওপর থেকে ইট পড়ে যাওয়া’ বলে প্রচারের চেষ্টা করে এবং একই সময়ে একজন ব্যক্তি মোটরসাইকেলটি সেখান থেকে সরিয়ে নেয়।

স্থানীয় বাসিন্দা আরিফুর রহমান জানান, রাতের দিকে একদল ব্যক্তি রাফিকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে পালানোর সময় তাকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করা হলে তিনি গুরুতর আহত হন।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি কোনো ছিনতাইয়ের ঘটনা নয়; বরং পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। আহত রাফিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির হোসেন বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তারা পুলিশের নজরদারিতে রয়েছে। খুব দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন