তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:০৩ এ এম

অনলাইন সংস্করণ

ট্রাম্পের দাবি খারিজ তেহরানের, ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতে নতুন উত্তেজনা

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের শীর্ষ নেতারা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করে চলমান বোমা হামলা বন্ধ করার অনুরোধ জানিয়েছেন। তবে এই দাবি দ্রুতই প্রত্যাখ্যান করেছে তেহরান।

বার্তা সংস্থা এএফপির বরাতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সর্বশেষ অভিযানে মার্কিন বাহিনী ইরানের ওপর ৪৯টি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের শর্ত না মানলে ‘আগামী রাতেও ব্যাপক বোমা হামলা চালানো হবে’।

ট্রাম্পের এই বক্তব্যের জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ইরানি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেননি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে উদ্ধৃত করে তারা বলেছে, এ ধরনের দাবি ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ এবং যুদ্ধের দায় এড়ানোর কৌশল।

এদিকে মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের নির্দেশে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং হরমুজ প্রণালিতে অবস্থানরত দুটি জাহাজে হামলার দাবি করেছে। যদিও এসব হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, বুধবার গভীর রাতে চালানো হামলাগুলো ছিল ‘ইরানের অব্যাহত আগ্রাসনের জবাব’। অন্যদিকে ইরানও পাল্টা কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছে, ফলে অঞ্চলজুড়ে অনিশ্চয়তা ও উত্তেজনা আরও বেড়েছে।

মন্তব্য করুন