প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ১১:৪৮ এ এম
অনলাইন সংস্করণ
দেশের ১৭টি জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে এই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদদের মতে, মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে উপকূলীয় ও অভ্যন্তরীণ নদী অববাহিকায় এই অস্থায়ী বৈরী আবহাওয়া বিরাজ করছে। নৌযানগুলোকে সতর্কতা অবলম্বন করে সাবধানে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে, যাতে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
মন্তব্য করুন