তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ২২ মিনিট আগে, ০৭:১৭ পিএম

অনলাইন সংস্করণ

কোরিয়ার ভিসাপ্রত্যাশীদের জন্য নতুন বার্তা, বনানীতে হচ্ছে আলাদা কেন্দ্র

বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল করতে রাজধানী ঢাকায় পৃথক নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার দূতাবাস। রাজধানীর বনানীতে অবস্থিত এই কেন্দ্রটিতে আগামী ২ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে সেবা প্রদান কার্যক্রম শুরু হবে।

নতুন এই কেন্দ্র চালুর পাশাপাশি সাধারণ ভিসা আবেদন জমা দেওয়া এবং প্রক্রিয়া শেষে পাসপোর্ট সংগ্রহের বর্তমান পদ্ধতিতেও পরিবর্তন আনা হচ্ছে। দক্ষিণ কোরিয়া দূতাবাসের তথ্য অনুযায়ী, কেন্দ্রটি উদ্বোধনের পর থেকে সাধারণ ভিসা ও পাসপোর্ট সংগ্রহসংক্রান্ত সব ধরনের আবেদন সরাসরি দূতাবাসের পরিবর্তে কেবল এই ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমেই গ্রহণ ও প্রক্রিয়াজাত করা হবে।

তবে কূটনৈতিক ও অফিসিয়াল ভিসার ক্ষেত্রে বিদ্যমান ব্যবস্থা অপরিবর্তিত রাখা হয়েছে। কূটনৈতিক নোটের ভিত্তিতে এই ধরনের ভিসার আবেদন জমা, পাসপোর্ট সংগ্রহ এবং ভিসা ইস্যুর সকল আনুষ্ঠানিকতা পূর্বের ন্যায় সরাসরি দূতাবাস থেকেই পরিচালিত হবে।

দূতাবাস সূত্রে জানা গেছে, ঢাকায় স্থাপিত নতুন এই 'কোরিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার'-এর কার্যালয় বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে (বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ার, প্লট-৮০, ব্লক-বি, ২এফ) অবস্থিত। নতুন কেন্দ্রে দ্রুত সেবাদানের লক্ষ্যে অনলাইন অ্যাপয়েন্টমেন্টের সুবিধা যুক্ত করা হচ্ছে। অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের নিয়মাবলী ও অন্যান্য বিস্তারিত তথ্য আগামী ২৭ আগস্ট পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে দূতাবাস।

সার্বিক প্রশাসনিক বিন্যাস সম্পর্কে জানানো হয়, নোটারাইজেশন ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসংক্রান্ত কনস্যুলার সেবাগুলো আগের নিয়মেই সরাসরি দক্ষিণ কোরিয়ার দূতাবাস থেকেই প্রদান করা হবে।

পৃথক প্রশাসনিক ভিসা কেন্দ্র পরিচালনার মধ্য দিয়ে আবেদনকারীদের দীর্ঘ অপেক্ষার ভোগান্তি কমবে এবং ভিসা সংক্রান্ত সেবায় আরও সহজ, সুশৃঙ্খল ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে দক্ষিণ কোরিয়া দূতাবাস। ভিসা প্রত্যাশীদের আপডেট তথ্যের জন্য দূতাবাসের পরবর্তী নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন