বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৩২ মিনিট আগে, ০৪:১২ পিএম

অনলাইন সংস্করণ

প্যারিস ফ্যাশন উইকে আবারও র‍্যাম্পে ঐশ্বরিয়া রাই বচ্চন

প্যারিস ফ্যাশন উইকের বহুল আলোচিত ‘লে দেফিলে’ আয়োজনে আবারও র‍্যাম্পে হাঁটবেন বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। আগামী ২৮ সেপ্টেম্বর প্যারিসের প্লাস জফ্রে এলাকায় আইফেল টাওয়ারের সামনে বসবে এবারের আয়োজন।

ফরাসি প্রসাধনী ব্র্যান্ড লরিয়াল প্যারিসের আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ‘লে দেফিলে’র এটি নবম আসর। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ‘নিজের যোগ্যতা প্রকাশ করো’। নারীর আত্মবিশ্বাস, বৈচিত্র্য, পারস্পরিক সংহতি ও অন্তর্ভুক্তিকে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে এবারের অনুষ্ঠান।

লরিয়াল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন ঐশ্বরিয়া। ফলে এবারের আয়োজনে তাঁর উপস্থিতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে তাঁর র‍্যাম্পে ফেরাকে শক্তি, আত্মবিশ্বাস ও নিজস্ব সৌন্দর্যবোধের প্রতীক হিসেবে তুলে ধরা হচ্ছে।

র‍্যাম্পে হাঁটার পাশাপাশি এবারের আয়োজন ঘিরে থাকছে লরিয়াল প্যারিসের নতুন প্রসাধনী পণ্যের সংযোজন। ভারতীয় ত্বকের রঙের কথা বিবেচনায় রেখে বাজারে আনা হচ্ছে নতুন ‘রানওয়ে ম্যাট কালেকশন’

এই কালেকশনে থাকবে ‘ইনফ্যালিবল ম্যাট রেজিস্ট্যান্স’ তরল লিপস্টিকের পাঁচটি নতুন গাঢ় রঙ। এর মধ্যে ‘৪২৩ অডাসিয়াস রেড’ বিশেষভাবে আলোচনায় রয়েছে। প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে ঐশ্বরিয়ার ঠোঁটেও এই রঙ দেখা যাবে বলে জানানো হয়েছে।

২০১৭ সালে যাত্রা শুরু করা ‘লে দেফিলে’ ইতোমধ্যে ফ্যাশন, সৌন্দর্য ও বিনোদন অঙ্গনের আলোচিত আয়োজনগুলোর একটি হয়ে উঠেছে। এবারের আয়োজনে আন্তর্জাতিক অঙ্গনের আরও অনেক তারকার উপস্থিতি থাকছে।

ঐশ্বরিয়ার সঙ্গে একই মঞ্চে দেখা যাবে সিমোন অ্যাশলি, ভায়োলা ডেভিস, কারা ডেলেভিন, জেন ফন্ডা, কেন্ডাল জেনার, ইভা লঙ্গোরিয়া ও অ্যান্ডি ম্যাকডাওয়েলসহ আরও অনেক তারকাকে।

প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়ার এই প্রত্যাবর্তন ঘিরে তাঁর ভক্তদের মধ্যেও এরই মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

মন্তব্য করুন