প্রকাশিত: ২২ মিনিট আগে, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রে ফ্যামিলি-বেইজড গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশি আবেদনকারীদের জন্য বড় ধরনের স্বস্তির খবর এসেছে। সম্প্রতি প্রকাশিত আগস্ট ২০২৬-এর ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক অভিবাসন ভিসার এফ-২এ (F2A) শ্রেণিতে বড় অগ্রগতির তথ্য সামনে এসেছে। এই শ্রেণির আওতায় আবেদনকারী যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা বা গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী এবং ২১ বছরের কম বয়সি অবিবাহিত সন্তানরা সুবিধা পাবেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের অগাস্ট মাসের প্রকাশিত ভিসা বুলেটিন অনুযায়ী, এফ-২এ শ্রেণির চূড়ান্ত অনুমোদনের তারিখ (Final Action Date) ১ জানুয়ারি ২০২৫ থেকে এক লাফে এগিয়ে ২২ জুলাই ২০২৬ হয়েছে। অর্থাৎ মাত্র এক মাসের ব্যবধানে এই কাট-অফ তারিখ প্রায় দেড় বছরেরও বেশি সময় এগিয়ে গেল। বাংলাদেশি ভিসা আবেদনকারীদের ক্ষেত্রেও এই ইতিবাচক পরিবর্তন প্রযোজ্য হবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য বিবরণীতে জানানো হয়, ভিসা বুলেটিনে প্রকাশিত চূড়ান্ত অনুমোদনের তারিখ মূলত নির্ধারণ করে কোন নির্দিষ্ট অগ্রাধিকার তারিখের (Priority Date) আবেদনকারীদের জন্য বর্তমানে অভিবাসন ভিসা ইস্যু করা সম্ভব।
একই বিষয়ে জাতীয় ভিসা কেন্দ্র (NVC) স্পষ্ট করে জানিয়েছে, সংখ্যাগতভাবে সীমিত পরিবারভিত্তিক নির্দিষ্ট এসব ভিসা শ্রেণিতে সরাসরি সাক্ষাৎকারের জন্য আবেদনকারীর অগ্রাধিকার তারিখ বর্তমান বা কার্যকর অবস্থায় থাকা বাধ্যতামূলক। কাট-অফ তারিখ দেড় বছর এগিয়ে যাওয়ায় এখন অপেক্ষমাণ বহু বাংলাদেশি পরিবারের যুক্তরাষ্ট্রের ভিসা প্রাপ্তির প্রক্রিয়া অনেক দ্রুত সম্পন্ন হবে।
মন্তব্য করুন