প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:৪৯ এ এম
অনলাইন সংস্করণ
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা সিটিতে একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় অন্তত চারজন নিহত এবং আরও নয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে আতেনেও দে জাম্বোয়াঙ্গা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ আগে স্কুল প্রাঙ্গণে এ গুলির ঘটনা ঘটে। দেশটির ন্যাশনাল ব্যুরো অব ইনভেস্টিগেশন জানিয়েছে, নিহতদের মধ্যে দুই শিক্ষার্থী ও দুই নিরাপত্তাকর্মী রয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে, তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী একজন শিক্ষার্থী, যিনি ওই বিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্র। তিনি একটি পিস্তল ও একটি রাইফেল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে একটি শ্রেণিকক্ষে নির্বিচারে গুলি চালান বলে অভিযোগ রয়েছে।
জাম্বোয়াঙ্গা সিটির মেয়র খাইমার আদান ওলাসো জানান, সন্দেহভাজন হামলাকারী এবং নিহতদের একজন একই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ঘটনার পর ধারণ করা ভিডিওতে শিক্ষার্থীদের আতঙ্কিত অবস্থায় দ্রুত স্কুল ভবন ত্যাগ করতে দেখা যায় এবং গুলির শব্দ শোনা যায়।
ঘটনার পরপরই পুলিশ ও তদন্তকারী সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার উদ্দেশ্য এবং এর পেছনের কারণ অনুসন্ধান করা হচ্ছে। পাশাপাশি স্কুলটির নিরাপত্তা ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় জড়িত শিক্ষার্থীর বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং নিহত-আহতদের বিস্তারিত পরিচয় সম্পর্কে কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
মন্তব্য করুন