তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৪:১৯ পিএম

অনলাইন সংস্করণ

মহাসড়কে থ্রি হুইলার নিষিদ্ধ, এআইভিত্তিক অটো ফাইন সিস্টেম চালু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশের সব মহাসড়কে থ্রি হুইলার যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ট্রাফিক আইন প্রয়োগে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ চালুর কথা জানান তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, মহাসড়কের শৃঙ্খলা ফেরাতে আধুনিক প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা চালু করা হয়েছে। এআই ক্যামেরার মাধ্যমে অতিরিক্ত গতি, অবৈধ পার্কিং, উল্টো পথে চলাচলসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হবে। কোনো ত্রুটি ধরা পড়লে তা সংশোধন করে পর্যায়ক্রমে দেশের অন্যান্য মহাসড়কেও এই ব্যবস্থা চালু করা হবে।

থ্রি হুইলার চলাচল বিষয়ে মন্ত্রী বলেন, কোনো অবস্থাতেই এসব যান মহাসড়কে উঠতে পারবে না। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অটো ফাইন সিস্টেমের আওতায় আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত হলে সংশ্লিষ্ট গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে বার্তার মাধ্যমে মামলা ও জরিমানার তথ্য পাঠানো হবে। নির্ধারিত মোবাইল আর্থিক সেবার মাধ্যমে ঘরে বসেই জরিমানার অর্থ পরিশোধ করা যাবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মহাসড়কে চাঁদাবাজির ঘটনাও এআই ক্যামেরায় রেকর্ড হবে। এতে মালিক বা শ্রমিক—যে পক্ষই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজ হবে এবং চাঁদাবাজি কমে আসবে।

হাইওয়ে পুলিশের কর্মকর্তারা আশা করছেন, প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা ট্রাফিক আইন প্রয়োগকে আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকর করবে। একই সঙ্গে মহাসড়কে শৃঙ্খলা ফিরবে এবং সড়ক দুর্ঘটনা কমাতে সহায়ক হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন