প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
ভারতের ভোটার পরিচয়পত্র ব্যবস্থা এবং ডাকযোগে ভোটের সীমিত ব্যবহারের উদাহরণ টেনে যুক্তরাষ্ট্রে নির্বাচনী নিয়ম আরও কঠোর করার পক্ষে আবারও সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সম্প্রতি তাকে প্রশ্ন করেছিলেন, বৈধ ছবিযুক্ত পরিচয়পত্র ছাড়া যুক্তরাষ্ট্রে কীভাবে নির্বাচন সম্পন্ন হয়।
এই প্রসঙ্গ টেনে ট্রাম্প দাবি করেন, ভারতের সর্বশেষ সাধারণ নির্বাচনে ৬৪ কোটি ৬০ লাখ মানুষ ভোট দিলেও তাদের মধ্যে এক শতাংশেরও কম ব্যক্তি ডাকযোগে ভোট দিয়েছেন, আর প্রত্যেক ভোটারের কাছেই ছিল বৈধ ছবিযুক্ত পরিচয়পত্র।
ভারতের এই দৃষ্টান্ত তুলে ধরে যুক্তরাষ্ট্রে ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ পাসের দাবি জানান ট্রাম্প। প্রস্তাবিত এই আইন অনুযায়ী, ভোটার নিবন্ধনের সময় মার্কিন নাগরিকত্বের প্রমাণ দেওয়া বাধ্যতামূলক হবে এবং দেশজুড়ে সব ভোটারের জন্য ছবিযুক্ত পরিচয়পত্র থাকা আবশ্যক হবে। এর পাশাপাশি ডাকযোগে ভোট দেওয়ার সুযোগও উল্লেখযোগ্যভাবে সংকুচিত করার প্রস্তাব রয়েছে আইনটিতে।
ট্রাম্পের ভাষ্য, এসব বিধান কার্যকর হলে নির্বাচনী জালিয়াতি ঠেকানো সহজ হবে। তবে প্রস্তাবিত এই আইন নিয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক মতপার্থক্য স্পষ্ট—ডেমোক্র্যাটদের বিরোধিতার পাশাপাশি খোদ রিপাবলিকান পার্টির অভ্যন্তরেও এ নিয়ে ভিন্নমত রয়েছে।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে মার্কিন সিনেট পাঁচ সপ্তাহের ছুটিতে যাওয়ার আগ পর্যন্ত আইনটি পাসের প্রশ্নে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
মন্তব্য করুন