তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:১৫ পিএম

অনলাইন সংস্করণ

শিক্ষকদের অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণে নতুন কমিটি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষক-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নজরদারি জোরদার করতে ‘সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং কমিটি’ গঠন করেছে সরকার। সোমবার (১৭ আগস্ট) জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে নির্দেশিকাবহির্ভূত, আপত্তিকর, বিভ্রান্তিকর বা অসত্য কোনো কনটেন্ট প্রকাশ পেলে তাৎক্ষণিকভাবে স্ক্রিনশটসহ কমিটির আহ্বায়কের কাছে পাঠাতে হবে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক অধ্যাপক টিপু সুলতানকে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারসংক্রান্ত নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ এবং সরকারি আচরণবিধি কঠোরভাবে অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে। এসব নির্দেশনা যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণের জন্যই এই কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো শিক্ষক বা কর্মচারী সামাজিক যোগাযোগমাধ্যমে নির্দেশিকাবহির্ভূত কোনো পোস্ট, মন্তব্য, ছবি বা ভিডিও প্রকাশ করলে তা সংরক্ষণ করে দ্রুত কমিটির কাছে পাঠাতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির নাম, পদবি, কর্মস্থল, ব্যবহৃত মাধ্যমের নাম, প্রোফাইলের লিংক, পোস্টের তারিখ-সময় এবং প্রমাণাদি যুক্ত করতে হবে।

মাউশির অধীনস্থ সব পরিচালক, আঞ্চলিক পরিচালক, অধ্যক্ষ, সিনিয়র সিস্টেম বিশ্লেষক এবং মহাপরিচালকের ব্যক্তিগত সহকারীকে এ নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষাখাতে শৃঙ্খলা বজায় রাখা এবং সরকারি আচরণবিধি নিশ্চিত করা সহজ হবে।

মন্তব্য করুন