তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৪:০০ পিএম

অনলাইন সংস্করণ

নারীদের জন্য ১০০সহ ২০০ ইভি বাস কেনার উদ্যোগ, ঢাকাসহ তিন শহরে নতুন রুট চালু

ঢাকার গণপরিবহণকে পরিবেশবান্ধব ও যাত্রীবান্ধব করতে ২০০টি বৈদ্যুতিক বাস কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ১০০টি বাস নারীদের জন্য নির্দিষ্ট রুটে পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি আয়োজিত ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দ্রুত সময়ের মধ্যে পরিবেশবান্ধব বাস চালু করতে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকল্পের মাধ্যমে বাস কিনতে গেলে অনুমোদন ও আন্তর্জাতিক দরপত্রসহ পুরো প্রক্রিয়ায় দেড় বছর পর্যন্ত সময় লাগতে পারে।

তিনি জানান, প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় মোট ১৩টি রুটে নতুন বাস চালু করা হচ্ছে। এর মধ্যে ঢাকায় ১০টি রুটে ১০টি বাস, চট্টগ্রামে দুটি রুটে দুটি বাস এবং বগুড়ায় দুটি রুটে দুটি দ্বিতল বাস চলবে। ভবিষ্যতে বাস ও রুট—দুটিই বাড়ানো হবে।

সড়কমন্ত্রী বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তুলতে ইভি বাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ঢাকায় সমন্বিত যোগাযোগব্যবস্থা গড়ার পরিকল্পনার অংশ হিসেবেও এসব বাস চালু করা হচ্ছে।

নারী যাত্রীদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, শুধু বাসে ওঠার পর নয়, অপেক্ষা করা ও নামার সময়ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। বাসে ওঠানামার সময় হয়রানি বা অনিরাপত্তা থাকলে নারীরা গণপরিবহন ব্যবহার থেকে বিরত থাকেন, যা পরিবর্তন করা জরুরি।

তিনি আরও বলেন, দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী এবং অর্থনীতিতে তাদের অবদান গুরুত্বপূর্ণ। তাই তাদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

বিআরটিসির বর্তমান কার্যক্রম প্রসঙ্গে মন্ত্রী জানান, সংস্থাটি বর্তমানে ৫০০টির বেশি বাস পরিচালনা করছে এবং মোট বাসসংখ্যা এক হাজার ২০০-এর কাছাকাছি। সংস্থাটি এখন লোকসানে নেই, বরং সমতা অবস্থায় রয়েছে। তবে ব্যবস্থাপনা ও সেবার মান উন্নয়নের প্রয়োজন রয়েছে।

নারীদের জন্য চালু করা বাসসেবা যেন অতীতের মতো স্বল্প সময়ে বন্ধ না হয়ে যায়, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। সেবাটিকে টেকসই ও মানসম্পন্ন করে ভবিষ্যতে আরও সম্প্রসারণই এখন বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন মন্ত্রী।

অনুষ্ঠানে রেলপথ ও সড়ক পরিবহন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিআরটিসির চেয়ারম্যানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন