তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:৪৮ পিএম

অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল স্থগিত চেয়ে করা রিট খারিজ

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল স্থগিতের আবেদন জানিয়ে করা একটি রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষের হয়ে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী ও আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব। অন্যদিকে রিটকারীর পক্ষে অংশ নেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

গত বৃহস্পতিবার আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ এই রিটটি দায়ের করেছিলেন। এরপর সোমবার (১৭ আগস্ট) এ বিষয়ে আদেশের জন্য মঙ্গলবারের দিন ধার্য করা হয়।

সংবিধানের ৭০ অনুচ্ছেদে উল্লেখ আছে, ‘কোন নির্বাচনে কোন রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোন ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি-(ক) উক্ত দল হইতে পদত্যাগ করেন, অথবা (খ) সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, তাহা হইলে সংসদে তাহার আসন শূন্য হইবে, তবে তিনি সেই কারণে পরবর্তী কোন নির্বাচনে সংসদ সদস্য হইবার অযোগ্য হইবেন না।’

রিট আবেদনকারী আইনজীবীর বক্তব্য অনুযায়ী, এই অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন, যা তাদের গণতান্ত্রিক অধিকারকে সংকুচিত করে।

মন্তব্য করুন