প্রকাশিত: ১৮ আগষ্ট, ২০২৬, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ
শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো নির্ধারণের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষকদের বেতন অন্য কোনো পেশার সঙ্গে তুলনা করে নির্ধারণ করা উচিত নয়; জাতি গঠনে তাদের ভূমিকার ভিত্তিতে স্বতন্ত্র পে স্কেল প্রয়োজন।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ‘খেলায় খেলায় শিখি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষকদের জীবনমান উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ বিষয়ে সরকার দীর্ঘদিন ধরে ভাবছে। তবে বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আসা নানা প্রস্তাব নিয়ে আলোচনা চলমান রয়েছে।
তিনি বলেন, শিক্ষকদের জন্য এমন একটি বেতন কাঠামো করা যেতে পারে, যা অন্য কোনো পেশার সঙ্গে তুলনীয় হবে না। “কম হোক বা বেশি—শিক্ষকদের সঙ্গে অন্য কারো তুলনা চলে না,” যোগ করেন তিনি।
শিক্ষকদের মর্যাদার বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, জাতীয় সংসদে শিক্ষকদের বেতন নিয়ে যে ধরনের তুলনা করা হয়েছে, তা তাদের পেশাগত মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শিক্ষকদের শুধু বেতন-ভাতা নয়, তাদের সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়নও সমানভাবে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
শিক্ষকসংকটের প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিপুলসংখ্যক শিক্ষক প্রয়োজন রয়েছে। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকসহ বিভিন্ন পদ শূন্য থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কার্যক্রম ব্যাহত হচ্ছে। ২০১৭ সাল থেকে মামলা ও প্রশাসনিক জটিলতার কারণে নিয়োগ প্রক্রিয়া বাধাগ্রস্ত হলেও দ্রুত নিয়োগ সম্পন্নে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি শিক্ষা ও জীবনব্যাপী শিক্ষার সুযোগ সম্প্রসারণ জরুরি।
অনুষ্ঠানে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদের সভাপতিত্বে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন