অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৬:৩৩ পিএম

অনলাইন সংস্করণ

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনার উদ্যোগ

ছবি: সংগৃহীত

কলকাতার নিউমার্কেট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি নাগরিকদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নিহতদের পরিবার চাইলে মরদেহ দেশে আনার সব খরচ সরকার বহন করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নাগরিকের মরদেহ শনাক্ত করা গেছে। তাদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য। স্থানীয় পুলিশের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে।

নিহতরা হলেন—সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন, তাদের ছেলে শর্ণশিষ দত্ত এবং দেবাশীষের শ্বশুর আকরাম আলী। এছাড়া অপর নিহত বাংলাদেশির নাম আহমেদ বাবু, যার বাড়ি সাভারের আমিনবাজার বেগুনবাড়ি এলাকায়।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ অগ্নিকাণ্ডে মোট নয়জন নিহত হয়েছেন, যার মধ্যে পাঁচজন বাংলাদেশি।

দুর্ঘটনার পর কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। এছাড়া অগ্নিকাণ্ডে আহত ছয়জন বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

সরকারের পক্ষ থেকে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্তব্য করুন