আইটি ডেস্ক

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:৩৩ এ এম

অনলাইন সংস্করণ

এআই কনটেন্ট থেকে ওয়াটারমার্ক সরানোর সুবিধা আনছে গুগল

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি, ভিডিও ও গান থেকে দৃশ্যমান ওয়াটারমার্ক সরানোর নতুন সুবিধা চালু করতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট গুগল। শুক্রবার (১৪ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানায় প্রতিষ্ঠানটি।

নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী এআই-জেনারেটেড কনটেন্ট আরও সহজে কাস্টমাইজ করতে পারবেন বলে জানিয়েছে গুগল।

গুগলের জেমিনাই বিভাগের ভাইস প্রেসিডেন্ট জশ উডওয়ার্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানান, ব্যবহারকারীদের সৃজনশীল কাজের সুবিধার্থেই এই পরিবর্তন আনা হচ্ছে। দৃশ্যমান ওয়াটারমার্ক থাকার কারণে পেশাদার বা ক্রিয়েটিভ কাজে অনেক সময় এআই কনটেন্ট ব্যবহারে সীমাবদ্ধতা তৈরি হতো।

তবে দৃশ্যমান ওয়াটারমার্ক সরানো গেলেও কনটেন্টের স্বচ্ছতা ও যাচাইযোগ্যতা নিশ্চিত থাকবে বলে জানিয়েছে গুগল। প্রতিষ্ঠানটি বলছে, অদৃশ্য ‘সিন্থ-আইডি’ ওয়াটারমার্ক এবং সি২পিএ মেটাডেটা আগের মতোই ফাইলের ভেতরে সংযুক্ত থাকবে। ফলে প্রয়োজন হলে জেমিনাই বা গুগল সার্চ ব্যবহার করে সহজেই বোঝা যাবে কোনো কনটেন্ট এআই দিয়ে তৈরি কিনা।

প্রাথমিকভাবে গুগলের ন্যানো ব্যানানা, ওমনি এবং লিরিয়া মডেল থেকে তৈরি কনটেন্টে এই সুবিধা চালু হবে। ব্যবহারকারীরা গুগল জেমিনাই ও ভিডিও এডিটর ‘ফ্লো’ অ্যাপের সেটিংস থেকে ‘মিডিয়া ওয়াটারমার্ক’ অপশন ব্যবহার করে এটি চালু বা বন্ধ করতে পারবেন।

গুগল জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে ধাপে ধাপে সব ব্যবহারকারীর জন্য এই ফিচার উন্মুক্ত করা হবে। পাশাপাশি শিগগিরই গুগল সার্চেও এ সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

মন্তব্য করুন